মানবাধিকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মানবাধিকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

'সব মরণ নয় সমান'*

জনপ্রিয় নারীবাদী ফেসবুকার, ব্লগার, লেখক নাদিয়া ইসলাম বলেছেন,

"পিনাকী ভট্টাচার্যরা যদি কন, অভিজিতের রক্ত আর হেফাজতের একজন কর্মীর রক্তে কোনো পার্থক্য নাই, উনাদের শরীর বারুদের বস্তার মত জ্বইলা উঠে। পিনাকীর সাথে আমার রাজনৈতিক দ্বিমত আছে একশবার, কিন্তু উনার এই কথার সাথে আমি একমত। আমি অভিজিতের রক্তের সাথে হেফাজতের একজন কর্মীর রক্ত, একজন হিটলারের রক্তের সাথে একজন এ্যানি ফ্রাংকের রক্তের, ইদি আমিনের রক্তের সাথে মাদার তেরেসার রক্তের, আদিবাসী একজন পাহাড়ির রক্তের সাথে বাঙ্গালী মুসলমানের রক্তের, একজন আসিফ মহিউদ্দীনের রক্তের সাথে গোলাম আজমের রক্তের পার্থক্য দেখি না। একজন মাদার তেরেসার সাথে একজন হিটলারের পার্থক্য তার কাজে। একজন কাদের মোল্লার সাথে একজন বীরশ্রেষ্ঠের পার্থক্য তার কাজে। তার রক্তে না"। 
নাদিয়ার মত আমিও বিশ্বাস করি, দুনিয়ার কোন মানুষেরই "অন্যায্য"ভাবে হত্যার অধিকার পৃথিবীর দ্বিতীয় মানুষের নাই, রাষ্ট্রেরও নাই; এমনকি সেই মানুষ যদি ভয়ংকর ঘৃণা থেকে ছয় মিলিয়ন মানুষরে নির্বিচারে হত্যা করে, তারপরেও সেই সেই মানুষরে বিনা বিচারে হত্যা করা যায় না; এমনকি সেই মানুষ একজন শিশু ধর্ষকও হন, তারপরেও উনারে রাস্তাঘাটে বিনা বিচারে পিটায়ে মাইরা ফেলা যায় না; এমনকি সেই মানুষ ইয়াবা ব্যবসায়ী বা ভয়ানক সন্ত্রাসীও হন, তারপরেও উনারে ক্রসফায়ারে মেরে নদীতে লাশ ভাসিয়ে দেয়া যায় না ...। আমার ধারণা, দুনিয়ার যেকোন মানবতাবাদী ব্যক্তির বিশ্বাস এ থেকে আলাদা হওয়ার কথা না! এমনকি- যাদের 'শরীর বারুদের বস্তার মত জ্বইলা উঠে' উল্লেখ করে এগুলো লেখা হলো- তাদের বিশ্বাসও ভিন্নরকম নয় বলেই আমার ধারণা, অন্তত আমি সাধারণভাবে তেমনটি দেখিনি (এক ধর্ষককে গণপিটুনির ঘটনা বাদে)! বরং এদের কাউকে কাউকে দেখেছি- "ন্যায্য"ভাবে কিংবা "যথাযথ বিচার" প্রকৃয়ার মাধ্যমেও একজনকে হত্যার বিরুদ্ধে সোচ্চার! যাই হোক, প্রতিটা মানুষের রক্তের মূল্য তথা জীবনের মূল্য যে সমান- এ ব্যাপারে নাদিয়ার সাথে কোনই দ্বিমত নেই! কিন্তু, মুশকিলটা হচ্ছে- নাদিয়াকে এই বেসিক ও প্রাইমারি মানবিক অবস্থানটা নেয়ার জন্যেও পিনাকীর উপরে সওয়ার হতে হচ্ছে। পিনাকীর সাম্প্রদায়িক অবস্থান, স্ববিরোধিতা, রাজনৈতিক পরিপ্রেক্ষিত সবকিছু থেকে বিচ্ছিন্ন করে- কেবল একটি লাইনকে সামনে এনে তার সাথে একমত দেখানো আর পিনাকির পুরা রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধাচরণকে ঐ একটা মহান মানবিক লাইনের বিরুদ্ধাচরণ হিসেবে দেখানোকেও (শরীর বারুদ বস্তার মত জ্বইলা উঠে) বুদ্ধি-জৈবিক অসততা কওয়া যায় কি?
সোজা হিসাব কিছু দেখা যাইতে পারে- নাদিয়ার দেয়া কনট্রাস্টগুলোর দিকে দৃষ্টি দেয়া যাক। একজন হিটলারের রক্তের সাথে একজন আনা ফ্রাংকের রক্তের কোন পার্থক্য নাই সত্যি- কিন্তু সেই সাথে এইটাও সত্য যে হিটলার যেমনে ১৫ বছরের কিশোরি আনা ফ্রাঙ্কের মত লাখ লাখ ইহুদির রক্তের কারণ হয়েছিলো- হিটলারের রক্ত কিন্তু অন্য কেউই ঝরায়নি! আদিবাসী একজন পাহাড়ির রক্তের সাথে বাঙ্গালী মুসলমানের রক্তের কোন পার্থক্য নাই ঠিকই, কিন্তু বাঙালি মুসলমান সেটেলাররা যেভাবে রাষ্ট্রীয়যন্ত্রের পৃষ্ঠপোষকতায় পাহাড়ে রক্ত ঝরিয়েছে- ধারাবাহিক এথনিক ক্লিনজিং চালিয়ে যাচ্ছে- তারই মরিয়া প্রতিরোধ সংগ্রামে বাঙালি মুসলমানের যখন রক্ত ঝরে- উভয়পক্ষকে সমান দোষী বলা কি সাজে? একজন বীরশ্রেষ্ঠের রক্তের সাথে গোলাম আজমের রক্তের কোন পার্থক্য নাই -এইটা যেইরকম সত্যি, তেমনি তার চাইতেও বড় সত্যি হচ্ছে- রক্তটা ঝরেছে ঐ বীরশ্রেষ্ঠেরই, গোলাম আজমের না! আমাদের মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষের রক্ত আর প্রতিরোধ যুদ্ধে মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হওয়া পাক হানাদারদের রক্তের মধ্যেও নিশ্চয়ই কোন পার্থক্য নেই, কিন্তু কোন মৃত্যুকে স্মরণ করি, গ্লোরিফাই করি?
একইভাবে, কোন সন্দেহ নাই যে, অভজিৎ রায়, অনন্ত বিজয় কিংবা বেঁচে ফেরা আসিফ মহিউদ্দিন, আহমেদুর রশিদ টুটুল-এর রক্ত আর হেফাজত কর্মীদের রক্ত একদম এক, কোন পার্থক্য নেই। কিন্তু, সেই সাথে এইটাও সত্য যে- হেফাজতরা অভিজিৎ - আসিফদের রক্ত ঝরাতে চেয়েছে, রক্ত ঝরাতে প্রত্যক্ষ-পরোক্ষ ভূমিকা রেখেছে, এখনো জীবিত অভিজিৎ- অনন্তদের রক্ত ঝরাতে চায়; অন্যদিকে অভিজিৎ, অনন্ত, আসিফ, টুটুলরা কোনদিনই হেফাজত কর্মীদের রক্ত চায়নি, বরং হেফাজতের ব্রেইন ওয়াশড শিশুদের যেভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, সেটায় উদ্বিগ্ন হয়েছে। নাস্তিকদের ফাঁসীর দাবিসহ ১৩ দফা দাবিতে হেফাজত শাপলা চত্বরে এসে যেভাবে দখল নিয়েছিলো- যে তাণ্ডব শুরু করেছিলো- রাষ্ট্রযন্ত্র সেই অরাজক অবস্থা কাটিয়ে উঠুক- এই প্রত্যাশা থাকলেও- হেফাজত কর্মীর রক্ত কেউই বস্তুত প্রত্যাশা করেনি। পিনাকি - মাহমুদুর - বাবুনগরীদের হাজার হাজার হেফাজতী লাশের গল্পের প্রমাণ চেয়েছে ঠিকই- কিন্তু যে কজন হেফাজতী কর্মী ঢাকায় লাশ হয়েছিলেন- তাতে কেউই আনন্দ প্রকাশ করেনি; বরং প্রতিবাদই জানিয়েছিলো ... ! অভিজিৎ কিংবা একজন হেফাজৎ কর্মীর রক্তের অবশ্যই কোন পার্থক্য নাই- এই অর্থে পার্থক্য নাই যে, কারোরই অস্বাভাবিক মৃত্যু হোক আমরা চাই না। কিন্তু, তাই বলে কি মৃত্যুতে মৃত্যুতে কি কোন পার্থক্য নেই? সব মৃত্যুই কি সমান? একজন নিরীহ নাগরিককে স্রেফ ভিন্নচিন্তা প্রকাশের দায়ে মেরে ফেলা আর খুন ও ধ্বংসের নেশায় উন্মত্তদের হাত থেকে নিরীহ-আতংকিত-আক্রান্ত জনগোষ্ঠীর জানমাল রক্ষায় ছত্রভঙ্গ করতে গিয়ে মেরে ফেলা- দুটো কি এক? কোন সন্দেহ নাই- অভিজিৎ রায় আর হেফাজত কর্মীর রক্তের কোন পার্থক্য নেই, কোন সুস্থ বুদ্ধির মানুষ আরেকজন মানুষের রক্ত কামনা করতে পারে না- তা সে হেফাজত-কর্মীর বেঁচে থাকার দাবি তোলা অভিজিৎ রায় হোক কিংবা অভিজিৎ রায়ের ফাঁসীর দাবি তোলা একজন হেফাজত কর্মীই হোক! কিন্তু,'কুলাঙ্গার নাস্তিক ব্লগার'দের ফাঁসীর দাবিতে মারা যাওয়া (আসল এবং নকল) হেফাজত কর্মীদের রক্তকে শহীদের রক্তের মর্যাদা দেয়া হেফাজতকে কি পিনাকি, কিংবা নাদিয়া - এই আলাপ শুনাতে গিয়েছে, বা যাচ্ছে?
আর, পিনাকির সেই আলাপ উত্থাপনের জায়গা ছিল কি? অভিজিৎ রায় সহ মুক্তমনা ব্লগারদের খুনের বিরুদ্ধে যারা বলছে- তারা কেন একই সাথে হেফাজতকর্মীদের খুনের বিরুদ্ধে কথা বলছে না- এমন প্রশ্ন তোলার উদ্দেশ্য কি বলে নাদিয়ার মনে হয়? হেফাজতকর্মী সহ দেশের (কিংবা দুনিয়ার) যেকোন খুনের বিরুদ্ধেই মুক্তমনারা কথা বলে। কিন্তু নির্যাতিত, নিপীড়িত, প্রান্তিক, দুর্বল, জীবন নাশের আশংকা আছে- এরকম গোষ্ঠীর পক্ষে দাঁড়ালে, তাদের বিরুদ্ধে যাবতীয় নির্যাতন, খুনের প্রতিবাদ করলে- অন্য আরেকটি প্রসঙ্গ টেনে আনার উদ্দেশ্যই বস্তুত থাকে, আলোচ্য প্রতিবাদকে একটু খেলো করে দেখানো ...। হেফাজতকর্মী সংখ্যাগরিষ্ঠ, তাদের কল্লার দাম কেউ ঘোষণা করেনি- তাদের ফাঁসীর দাবিতে মিছিল সমাবেশও হয়নি, সরকারের তরফ থেকে হেফাজতের উদ্দেশ্যে নানারকম প্রণোদনা- উপঢৌকন অব্যাহত আছে; এইরকম বাস্তবতায় যাদের প্রাণের আশংকা আছে, যারা প্রান্তিক ও নির্যাতিত- নাস্তিকরা, আদিবাসীরা, হিন্দুরা- তাদের উপরে হামলা, আক্রমণের প্রতিবাদ করা হলে- প্রতিক্ষেত্রেই কি সংখ্যাগরিষ্ঠ, ক্ষমতাশালীদেরও কথা আলাদা মেনশন করতে হবে?
আচ্ছা, উল্টোদিক দিয়ে উদাহরণ দেয়া যাক। পিনাকি যে কাজটা করেছে, আবরার হত্যার পরে- ঠিক একই কাজটি করে গিয়েছে - আওয়ামী চামচাদের দল। "পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আবরার হত্যা নিয়া এত চিল্লাফাল্লা, কিন্তু একই সময়ে যে আরেকটা হিন্দু ছাত্র খুন হলো- সেই ব্যাপারে কোন কথা নাই কেন?" "বাপ-চাচার হাতে নির্মম খুনের শিশুটিকে নিয়ে কই একটা মানব বন্ধনও হইলো না?" কিংবা "এই বুয়েটেই জামাতের হাতে বুয়েট ছাত্র মারা যাওয়ার পরেও তো কিছু হয় নাই" ... ইত্যাদি ইত্যাদি কইয়া- সিলেকটিভ মানবতাবাদীদের নিয়া কয়েকটা গালি ... ! আমি অন্য খুনগুলো নিয়ে বিচলিত, বিমর্ষ, মানসিকভাবে অসুস্থবোধ করলেও- কেবল আবরার খুন নিয়ে যাবতীয় এক্টিভিজম চালিয়েছি, এই কারণে না যে- বুয়েটের "মেধাবী" ছাত্র আবরারের রক্তের মর্যাদা আমার কাছে অন্যদের রক্তের চাইতে বেশি; বরং এই কারণ যে- বুয়েটের হত্যাকাণ্ডটি সরকার দলীয় ছাত্রসংগঠনের নিরীহ ছাত্রের উপরে শক্তি প্রদর্শনের বহিপ্রকাশ- যা বুয়েটের মত শিক্ষায়তনগুলোতে খুবই নিয়মিত চর্চা হয়ে দাড়িয়েছিলো বলে এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্যেই একটা শক্ত আন্দোলনের দরকার। অন্য ক্ষেত্রে- অপরাধী বাবা-চাচারা এরই মধ্যে গ্রেফতার হয়েছে, শক্তি সামর্থ্যের দিক দিয়ে খুনীরা নিজেরাই একদম প্রান্তিক অবস্থানে, তার উপরে গোটা দেশের ঘৃণার পাত্র (এই ঘটনায় অসুস্থবোধ হয়, কিন্তু আন্দোলন করবো কার বিরুদ্ধে?)- আর অন্য ঘটনায় খুনের মোটিভ, খুনী- এসব কিছুই উদঘাটিত হয়নি ... ! যাই হোক, আবরারকে নিয়ে কথা বললেও কেন তুহিন মিয়া বা শাওন ভট্টাচার্যকে নিয়া কথা বলছি না- এই প্রশ্নের উদ্দেশ্য আবরার, তুহিন মিয়া বা শাওন ভট্টাচার্যের রক্তের পার্থক্য দূর করা নয়, বরং আবরার খুনের ইস্যুটিকে হালকা করা চেষ্টা করা ...! - এই ব্যাপারে নাদিয়া (এবং পিনাকিও) খুব সম্ভবত দ্বিমত করবে না! একই কাজ কি পিনাকি করে নাই?
 
* এই লেখার শিরোনামটি নেয়া হয়েছে প্রতুল মুখোপাধ্যায়ের গান জন্মিলে মরিতে হবে গানটি থেকে। 
*** রাজধানী ঢাকায় গাড়িতে এক নারীকে ধর্ষণের চেষ্টাকালে ধর্ষক রনি হককে পাবলিক ধরে দুচার ঘা বসিয়েছিলো - সম্ভবত কাপড় চোপড়ও ছিড়ে ফেলছিলো এবং সেটা ভিডিও করে গর্বভরে ফেসবুকে ছেড়েছিলো। সেই ঘটনায় অনেক নাস্তিক বন্ধুদের ধর্ষককে গণপিটুনির পক্ষে ওকালতি করতে দেখেছিলাম। ধর্ষককে গণপিটুনির বিরোধিতা করতে গিয়ে কয়েকজন তো ব্লকও করে দিয়েছিলো। সে যাই হোক- এই ব্যাপারে নাদিয়া যে কথাটি বলেছে- তার সাথে আমি সম্পূর্ণ একমত। এমনকি শিশু ধর্ষক হলেও- তারে রাস্তায় পিটিয়ে মেরে ফেলা যাবে না। কিন্তু, ঐ ঘটনায় নাদিয়া সহ একটা অংশ, যারা গণপিটুনির বিরোধিতা করছিলো, কি অদ্ভুত কারণে যেন- ধর্ষণের শিকার নারীর বিরুদ্ধেও দাঁড়িয়েছিলো, ঐ মেয়েটি কেন গাড়ীতে লিফট চাইলো- মেয়েটি সত্য বলেছে তার প্রমাণ কি, ঢাকায় কোন শ্রেণির মেয়ে এমন অপরিচিত লোকের গাড়িতে উঠে, গাড়িতে ঢাকা শহরে ধর্ষণ করা যায় কি না, রনি যে ধর্ষক- তার প্রমাণ কি, আদালতে প্রমাণের আগে- রনিকে ধর্ষক বলা যাবে কি না ... ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ... ধর্ষককে আদালতে সোপর্দ করা উপস্থিত জনতার দুচার ঘা দেয়াকে সমর্থন করি না, কিন্তু তার চাইতেও অনেক নিন্দনীয় কাজ হচ্ছে- এভাবে ভিক্টিমকেই কাঠগড়ায় দাড় করানো ...
 
[ফেসবুক থেকে]

মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

"ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে নাস্তিকদের শক্তিশালী ভূমিকা রাখা কর্তব্য" প্রসঙ্গে

প্রথমত, ইসলাম বিদ্বেষ আর ধর্মীয় অনুভূতিতে আঘাত - এই কথাগুলো ব্যবহারেও সাবধান থাকা দরকার, কেননা- এগুলোই ক্রমাগত নাস্তিকদের ডেমোনাইজ করার কাজে ব্যবহার করা হয়েছে হচ্ছে। এমন প্রেক্ষাপটেই হেফাজতের ফাঁসির দাবি, ব্লগার খুন, গ্রেফতার- মামলা এসব চলছে ...
দ্বিতীয়ত, নাস্তিকদের ইসলাম বিদ্বেষ তথা ধর্ম বিদ্বেষ বনাম ইসলামসহ বিভিন্ন ধর্মের সমালোচনা তথা ঈশ্বর সংক্রান্ত দার্শনিক বা জীবনের উদ্ভব ও বিবর্তন সংক্রান্ত বৈজ্ঞানিক আলোচনা- এই দুইয়ের ফাইন লাইন তৈরি করবেন কিভাবে? কে ঠিক করে দিবে কোনটা বিদ্বেষ আর কোনটা বিদ্বেষ না?
তৃতীয়ত, যে নাস্তিকদের উদ্দেশ্যে এই পরামর্শ স্ট্যাটাসটি পয়দা করেছেন- তারা কারা? নিশ্চিতভাবেই ইসলাম বিদ্বেষ বলতে এখানে নাস্তিকদের ইসলাম বিদ্বেষই বুঝিয়েছেন, সাম্প্রদায়িক হিন্দুদের ইসলাম বিদ্বেষ বুঝাননি! তার মানে যেটা বুঝতে পারছি, নাস্তিকদের মধ্যে যাদের আলাপে - লেখাপত্রে - বক্তব্যে ইসলাম বিদ্বেষ প্রকাশ পায় (বলে আপনার/ আপনাদের মনে হয়), তাদের বিরুদ্ধে যাদের লেখাপত্র, বক্তব্যে ইসলাম বিদ্বেষ থাকে না তাদেরকে শক্তিশালী ভূমিকা রাখার কথা বলছেন, তাই তো? কিন্তু সেই ভূমিকা তারা কেনই বা রাখবে? মানে, শক্তিশালী ভূমিকা রাখতে হবে কেন? নাস্তিকতা কি কোন সমস্বত্ব বডি? বা কোন সংগঠন? যার বিশেষ বা সুনির্দিষ্ট কোন লক্ষ উদ্দেশ্য বিধেয় আছে? নাকি, নাস্তিকরা সিম্পলি ইনডিভিজুয়াল ব্যক্তি মাত্র? তাহলে, যার যা অবস্থান, ভাবনা, মতাদর্শ, রুচি, আদর্শ, শিক্ষা, সংস্কৃতি, অভ্যস্থতা, সক্ষমতা - এসব অনুযায়িই কি আলাদা আলাদা অবস্থান রাখতে পারে না? সেটাই কি স্বাভাবিক নয়? যেকোন নাস্তিক অন্য নাস্তিকের সাথে নিজ নিজ অবস্থান থেকে মতবিরোধ, তর্ক-বিতর্ক করতেই পারে, কিন্তু এক প্রকার নাস্তিকের বিরুদ্ধে অবস্থান নেয়াটা অন্য প্রকার নাস্তিকের জন্যে "কর্তব্য" হতে পারে কি?
চতুর্থত, আমাদের দেশটায় ইসলাম বিদ্বেষ বলে যা কিছু দেখেন (আপনার ভাষায় যদি ধরেও নেই), তার হাজার গুণ বেশি পাবেন হিন্দু বিদ্বেষ! মুসলমানের বাচ্চা হয়েও কেবল "হিন্দুয়ানি" নামের জন্যে (বাংলা নাম) সেই বাচ্চাকালে প্রচুর বুলিইং এর শিকার হয়েছি! তাহলে চিন্তা করে দেখেন, একেকটা হিন্দুর বাচ্চার কি অবস্থাটা হয়! প্রতিবেশী হিন্দু পরিবারের ঘরের সামনে গরুর হাড্ডি ফেলে রাখতে দেখছি, আমার মুসলমান আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, পরিচিতজন- অনেক জায়গাতেই দেখেছি, "হিন্দু" শব্দটাই যেনবা গালির সমার্থক! স্কুলের শিক্ষকদের কাছেও হিন্দু ধর্মের প্রতি তাচ্ছিল্য করা লেকচার শুনছি! মসজিদের খুতবায়- ওয়াজগুলোতে ইহুদি-নাসারাদের চাইতেও ঘৃণা ছড়ানো হয় সবচাইতে বেশি- নারী ও হিন্দুর বিরুদ্ধে! শুধু হিন্দু কেন, এদেশে একদম নিরীহ প্রান্তিক আদিবাসীদের বিরুদ্ধেও বিদ্বেষ ভয়ংকর রকম বেশি! এই বিদ্বেষ কেবল কথায়, লেখায়, ওয়াজেই সীমাবদ্ধতা থাকে না, একদম সরাসরি আক্রমণেও চলে যায়, পাহাড়ে যুগ যুগ ধরে চলছে ইথনিক ক্লিনজিং! সমতলের আদিবাসীদেরও জায়গা - জমি থেকে শুরু সংস্কৃতি-ঐতিহ্য দখল সমানতালে চলছে। অথচ, আমাদের দেশে ইসলাম বিদ্বেষ কথাটা যত মার্কেট পেয়েছে, "হিন্দু বিদ্বেষ", "আদিবাসী বিদ্বেষ" নিয়ে কেউ কথা বলেনি! এমন শব্দ বন্ধ তো চোখে পড়ে না - "সংখ্যালঘু আক্রমণ", "সাম্প্রদায়িক হামলা" (অনেক সময়ে তো হামলা/ আক্রমণও উল্লেখ না করে জাতীয় মিডিয়ায় "দাঙ্গা"-"হাঙ্গামা"ও বলে দেয়া হয়)! এসব শব্দ ও শব্দবন্ধ বলা হয়, কিন্তু "হিন্দু বিদ্বেষ", "আদিবাসী বিদ্বেষ", "পাহাড়ি বিদ্বেষ" - তো কেউ কোথাও কোন কালে ব্যবহার করলো না! সেই "হিন্দু বিদেষ", "আদিবাসী বিদ্বেষ", "নাস্তিক বিদ্বেষ" এর বিরুদ্ধে মুমিন-মুসলিমদের শক্তিশালী ভূমিকা রাখা বিষয়ক কোন উপদেশ পরামর্শও দিলেন না আপনারা! কারণ কি?
পঞ্চমত, ইসলাম বিদ্বেষ বা ধরেন যেকোন ধর্মের প্রতি বিদ্বেষ কিভাবে বর্ণবাদ হয়? কিংবা আইডিওলজির প্রতি ঘৃণা বা বিদ্বেষকে কি কোনভাবে বর্ণবাদী রাজনীতির আইডিওলজি হিসেবে বলা যেতে পারে? ইসলাম তো একটা আইডিওলজি। দর্শন, কিংবা ইসলামের ভাষাতে পূর্ণাঙ্গ জীবন বিধান! এখন, আমাকে বলেন- একটা আইডিওলজির বিরুদ্ধে বিদ্বেষ থাকলে অসুবিধেটা কোথায়? বর্ণবাদের বিরুদ্ধে আপনার যদি বিদ্বেষ থাকে, তাহলে বর্ণবাদী আইডিওলজিগুলোর বিরুদ্ধে বিদ্বেষ থাকতে কি পারে না? ধর্মগুলোই কি বর্ণবাদী নয়? কেবল নিজেদের অনুসারীকে শ্রেষ্ঠ মনে করে, বাকিদের নিচুসারির, পাপিষ্ঠ বলে মনে করে! হ্যাঁ, আপনি বলতে পারেন- কোন ধর্মীয় জনগোষ্ঠীকে তার জন্মগত ভাবে পাওয়া ধর্মের আইডিওলজিকাল জায়গা ধরে ডেমোনাইজ করা, একটা ধর্মীয় জনগোষ্ঠীকে ঘৃণা করা, সেই ধর্মের কোন অংশের অপরাধকে সমস্ত ধর্মীয় জনগোষ্ঠীর উপরে চাপিয়ে দেওয়া- এসবকেই বর্ণবাদী বলতে পারেন, আমিও বলি। যেভাবে, হিন্দু বিদ্বেষ, ইহুদী বিদ্বেষ- এগুলো বর্ণবাদ (সেই বর্ণবাদ ইসলাম ধর্মের পাতায় পাতায় পাওয়া যাবে), একই ভাবে মুসলিম বিদ্বেষকে বর্ণবাদ বলতেই পারেন। কিন্তু, ধর্মকে নিয়ে, তথা ধর্মীয় চিন্তা - দর্শন - রাজনীতির প্রতি বিদ্বেষকে কি বর্ণবাদ বলা যায়? তাহলে, ইসলাম বিদ্বেষ কিভাবে বর্ণবাদী আচরণ হয়, কিভাবে এটা অপরাধ? ইহুদী বিদ্বেষ বর্ণবাদ হলেও, জাওনিজমের প্রতি বিদ্বেষ কি বর্ণবাদ? আপনিও যে দিনরাত হিন্দুত্ববাদের বিরুদ্ধে বিদ্বেষ - ঘৃণা পোষণ করেন ও ছড়ান, সেই হিন্দুত্ববাদ বিদ্বেষ কি বর্ণবাদ? সেটাকে কি হিন্দুবিদ্বেষ হিসেবে উপস্থাপন করে হিন্দুত্ববাদ বিরুদ্ধতা ও বিদ্বেষের পথ পরিহারের আহবান জানালে, আপনারা শুনবেন?
ষষ্ঠত, আচ্ছা, নাস্তিকদের প্রতি ঘৃণা বা বিদ্বেষকে কি বর্ণবাদ বলা যাবে? সেটা নিয়ে আপনাদের পরামর্শ কি? আপনিও যখন নাস্তিকদেরকে (এবং বামপন্থীদের নিয়ে) জেনারালাইজ করে "বিদ্বেষ" ছড়ান বা "সমালোচনা" করেন, সেটাকে বর্ণবাদ বলা যাবে কি? কোন নাস্তিক বিশেষের, কোন বাম নেতার/ কর্মীর/ ফেসবুকারের কাজ/ আলাপকে জেনারালাইজ করে যখন নাস্তিকদের/ বামদেরকেই ওভারল একহাত দেখে নেন সেটা কোন পর্যায়ে পড়ে?
সপ্তমত, বিজেপি-আরএসএস এর রাজনীতিতে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ কিংবা হেফাজতি-জামাতি রাজনীতিতে হেন্দু- খৃস্টানদের নিয়ে যে ঘৃণা, নাজীদের রাজনীতিতে ইহুদীদের বিরুদ্ধে যে ঘৃণা- তার সাথে এই ধর্মীয় আইডিওলজিগুলোর (যেখান থেকে আরএসএস-হেফাজতি-নাজীদের পয়দা হয়) প্রতি নাস্তিকদের ঘৃণাকে এক করে দেখা কি যায়? কবে, কোথায়, কিভাবে বিভিন্ন ধর্মের বিরুদ্ধে নাস্তিকদের মৌখিক বা লিখিত বিরোধিতা ও সমালোচনা (আপনাদের ভাষায় বিদ্বেষ) ঐরকম বর্ণবাদী-ঘৃণাবাদী রাজনীতিতে ব্যবহৃত হয়, হয়েছে- উদাহরণ দেন! বরং, দুনিয়ায় যুগে যুগে- এই নাস্তিকরাই এমন ঘৃণাবাদী রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেসব ঘৃণার হাত থেকে নির্যাতিত- নিপীড়িত- ধর্মীয় জনগোষ্ঠীর পক্ষে সোচ্চার থাকতেও কোনদিন পিছপা হয়নি, যতই তাদের ধর্মের প্রতি বিদ্বেষ থাকুক! নয় কি?
 
[ব্লগার পারভেজ আলমের আহবান "ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে নাস্তিকদের শক্তিশালী ভূমিকা রাখা কর্তব্য" এর জবাবে লেখা ফেসবুক পোস্ট থেকে।]